পিরোজপুরে দেড় মাসে ফেনসিডিলের ১০টি চালান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর এখন ফেনসিডিল পাচারের সহজ পথ। মাদক ব্যবসায়ীরা সাতক্ষীরা ও যশোর থেকে ফেনসিডিল এনে খুলনা-বাগেরহাট হয়ে পিরোজপুরের ওপর দিয়ে ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় পাচার করছেন। গত দেড় মাসে ফেনসিডিলের ১০টি চালানসহ আটক করা হয়েছে।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর শহরের পুরাতন খেয়াঘাট থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাফা ও জুয়েলকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে। শাফার বাড়ি পিরোজপুর শহরতলির মূলগ্রামে। আর জুয়েলের বাড়ি যশোরের বাঘডাঙ্গা এলাকায়। জুয়েল বিআরটিসির বাসে ফেনসিডিল বহন করে পিরোজপুর এনেছিলেন শাফার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর আগে ৬ ডিসেম্বর শহরের বলেশ্বর ব্রিজ টোলঘরের সামনে থেকে খুলনা-বরিশাল রুটের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের একটি চালান উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ৫ ডিসেম্বর পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে জুলহাস ও জুলফিকার নামের দুই সহোদর মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করে পুলিশ। তাঁদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। ৪ ডিসেম্বর পিরোজপুরের বলেশ্বর ব্রিজে খুলনা-বরিশাল সড়কে সরাসরি চলাচলকারী একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের একটি চালান উদ্ধার করা হয়।খুলনা-বরিশাল সড়কে নিয়মিত চলাচলকারী বাসের এক যাত্রী জানান, বিআরটিসিসহ কয়েকটি পরিবহনের বাস থেকে প্রায়ই ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা পিরোজপুরকে মাদক পাচারের পথ হিসেবে ব্যবহার করছেন। বিষয়টি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। পুলিশও তৎপরতা বাড়িয়েছে। ইতিমধ্যে বিপুল পরিমাণে ফেনসিডিলসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর তিনি বলেন, বিআরটিসি ও ধানসিঁড়ি পরিবহনে বেশির ভাগ ফেনসিডিল পাচার করা হয় এ রকম খবর তাঁদের কাছে আছে। বিআরটিসি পিরোজপুর কাউন্টারের ব্যবস্থাপক গাজী গিয়াস উদ্দিন বলেন, বিআরটিসিতে যাত্রীবেশী কিছু মাদক ব্যবসায়ী চলাচল করেন এ খবরে সুপারভাইজারদের সব ব্যাগ তল্লাশি করতে বলা হয়েছে। না হলে যে গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার হবে, তার দায়দায়িত্ব ওই সুপারভাইজারকে নিতে হবে।