পিরোজপুরে নানা অভিযোগের মধ্যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
পিরোজপুরের তিনটি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার এবং ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার সিকদার মল্লিক ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এক পোলিং এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কয়েকটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় অভিযোগ রয়েছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। বরজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট আবুল বাশার অভিযোগ করেন, সকালে পৌনে আটটার দিকে তিনি বুথে ঢোকেন। ভোট শুরুর আগে তাঁর কাগজপত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তরুণ কুমার সিকদার বলেন, এজেন্টকে বের করে দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।
একই ইউপির চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী সরদার কামরুজ্জামান (চান) এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সিকদার ও রওশন আরা হাবিবের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ওই কেন্দ্রের বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট বিউটি বেগম অভিযোগ করেন, তাঁর বাড়িতে গিয়ে আওয়ামী লীগের লোকজন হুমকি দেওয়ায় তিনি এজেন্ট থাকতে সাহস করেননি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রওশন আরা হাবিব অভিযোগ করেন, দুটি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রতেই তিনি এজেন্ট দিতে পারেননি। এর আগে এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন হুমকি দেওয়ায় তাঁরা ভোটকেন্দ্রে আসেননি।
ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী সরদার কামরুজ্জামান বলেন, ‘ভয়ভীতি দেখানোর কারণে কয়েকটি কেন্দ্রে আমার পোলিং এজেন্ট ভয়ে ভোটকেন্দ্রে যায়নি। কয়েকটি বুথে ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে।’
চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সন্তোষ কুমার মজুমদার বলেন, বিএনপি প্রার্থীর এজেন্ট ও স্বতন্ত্র দুই প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি। এজেন্টরা যখনই আসবেন, তখনই তাঁদের গ্রহণ করা হবে। তবে এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে তিনি জানান।
এদিকে নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দ্বিজদাস হালদার অভিযোগ করেন, প্রতিটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করেছেন। প্রচুর জাল ভোট দেওয়ায় অনেকে ভোট দিতে পারেননি।
নাজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, প্রকাশ্যে বা জাল ভোট দেওয়ার অভিযোগ সঠিক নয়। শান্তিপূর্ণ ভোট হয়েছে।