পিরোজপুরে পুরোনো প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পিরোজপুরের একটি কেন্দ্রে ২০১২ সালের প্রশ্নপত্র দিয়ে চলতি বছরের পরীক্ষা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জেএসসি পরীক্ষার্থী পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ণিমা হালদার বলে, ‘আমরা বেশ কয়েকজন পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর কক্ষে পরীক্ষা দিই। পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীদের প্রশ্নের সঙ্গে আমাদের প্রশ্ন মিলিয়ে দেখতে পাই, আমাদের ২০১২ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।’
কেন্দ্রসচিব ও পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী বলেন, ভুলে ২০ জন শিক্ষার্থীর মধ্যে কৃষিশিক্ষাবিষয়ক পরীক্ষার জন্য ২০১২ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। জেএসসি পরীক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।