পিরোজপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষ আহত ১২
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস পালনকালে গতকাল শনিবার পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) ১২ জন আহত হয়েছেন। পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের জন্য গতকাল সকালে শহরে গণমিছিল বের করা হয়। মিছিলটি ক্লাব সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের কাছে পৌঁছালে পুলিশ নেতা-কর্মীদের লাঠিচার্জ করে। এতে বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশের ছোড়া ইটে পুলিশের একজন এসআই আহত হন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই তাপসসহ চারজন পুলিশ সদস্য আহত হন। এ সময় তাঁদের ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন এম সরোয়ার হোসেন, রাশেদ পারভেজ ও আরিফ হোসেন।