পিরোজপুরে গতকাল শনিবার বিএনপির সভায় যোগ দেওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। প্রতিবাদে সভা বর্জনের ঘোষণা দিয়ে চলে যান কেন্দ্রীয় নেতারা। একই দিনে সাতক্ষীরায় দলটির সভায় হট্টগোল তৈরির অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। বগুড়ায় হট্টগোল ও উত্তেজনার মুখে ২০ মিনিটেই শেষ হয়ে যায় জেলা বিএনপির কর্মী সভা।
পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কের দলীয় কার্যালয়ে সভার শুরুতে বেলা ১১টার দিকে পুলিশ নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে সভার প্রধান অতিথি বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সভা বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র, সংবিধান আজ অবরুদ্ধ। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সামরিক শাসন ব্যতীত এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি।’
তবে পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান পুলিশকে জানিয়েছিলেন যে যাঁদের গলায় কার্ড থাকবে, তাঁরা শুধু সভায় অংশ নেবেন। অনেকের গলায় কার্ড না থাকায় পুলিশ তাঁদের চলে যেতে বলে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়লে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
তবে গাজী নূরুজ্জামান বলেন, ‘আমি বলেছি, গলায় কার্ডধারীরা সভায় অংশ নেবেন। কিন্তু পুলিশ সাধারণ কর্মীদের সঙ্গে কার্ডধারী নেতাদেরও পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।’
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান অভিযোগ করেন, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন সভার শেষ দিকে পুলিশ চেয়ার ভাঙচুর করে। ভয়ে নেতা-কর্মীরা ছোটাছুটি করেন। বাধ্য হয়ে সভা সংক্ষিপ্ত করতে হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তবে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরীনা আক্তার বলেন, তাঁরা বাইরে অবস্থান করছিলেন। ভেতরে চিৎকার, হুড়োহুড়ি ও দৌড়োদৌড়ি দেখেই ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে চেয়ার ভাঙা দেখেছে পুলিশ।
বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কের টিএমএসএস মিলনায়তনে বেলা ১১টায় প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনার জন্য উপস্থিত হয়েছিলেন। সভার প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান আসার আগেই কয়েকজন নেতার পক্ষে-বিপক্ষে স্লোগান দিতে থাকেন মিলনায়তনের ভেতরে-বাইরে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা। এতে উত্তেজনা দেখা দেয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বক্তব্য দিতে চাইলে সভায় হট্টগোল শুরু হয়। একপর্যায়ে সভাপতি সরাসরি প্রধান অতিথির নাম ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সভাস্থলে নেতাদের পক্ষে-বিপক্ষে ফের স্লোগান শুরু হয়। এতে করে কয়েক মিনিট বক্তব্য দিয়ে তিনি সভাস্থল ত্যাগ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, কর্মী সভা পণ্ড হয়নি, তবে জায়গা ছোট হওয়ার কারণে প্রধান অতিথি প্রায় কুড়ি মিনিট বক্তব্য দিয়ে সভা শেষ করেছেন।