পিরোজপুরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি মঠে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। এদিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুরের অভিযোগে গত শুক্রবার রাতে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় শ্রীশ্রী প্রণব মঠে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।
মঠের মানবকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নিত্যানন্দ হালদার জানান, শুক্রবার রাতে এক বা একাধিক দুর্বৃত্ত দেয়াল টপকে মঠের মধ্যে ঢুকে পড়ে। তারা সরস্বতী ও কালী প্রতিমার মাথা ভেঙে নিচে ফেলে রেখে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. খালেক হাওলাদার বলেন, মঠে প্রতিমা ভাঙচুরের বিষয়টির তদন্ত চলছে।
এদিকে নেত্রকোনার বারহাট্টা থানার পুলিশ গত শুক্রবার রাতে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। একই গ্রামের প্রণব ঘোষের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।