পিরোজপুরে প্রার্থীর গাড়ি ভাঙচুর, চালককে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এলিজা জামানকে বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা মাইক্রোবাসের চালক মো. বাচ্চু শেখকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
এলিজা জামান গতকাল বুধবার সকাল নয়টায় পাড়েরহাট বন্দরে গাড়ি রেখে খালের অপর পারে বাদুরায় গণসংযোগে যাওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাচ্চু শেখকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাচ্চু শেখ বলেন, ‘এলিজা জামান আমাকে বন্দরে রেখে খালের অপর পারে সদর উপজেলার বাদুরা এলাকায় গণসংযোগে যান। সকাল নয়টার দিকে মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে আমাকে বলে, “তুই এলিজা জামানকে নিয়ে এখানে এসেছিস কেন? জানিস না এটা মজিবর রহমানের এলাকা?” এ বলেই তারা আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে।’
বাচ্চু শেখ আরও বলেন, ‘আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন অন্য স্থানে আছি।’
এদিকে দুপুর ১২টার দিকে এলিজা জামান পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কর্মীদের ওপর একের পর এক হামলা হচ্ছে।
আমি প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তৃতীয় কোনো পক্ষ এলিজা জামানের গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করেছে।’
পিরোজপুরের রিটানিং কর্মকর্তা মানিকহার রহমান বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করলে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’