পিরোজপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর
পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সহসভাপতি ও বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কালাম শিকদারের বালিপাড়া বাজারের বাড়িতে গত মঙ্গলবার দুপুরে হামলা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবের ক্ষতি ও মালামাল লুটে নিয়েছে।কালাম শিকদার দাবি করেন, জিয়ানগর থানা বিএনপির সাবেক সহসভাপতি সবীন কবির খানের ইন্ধনে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে সবীন কবির খান ও যুবলীগের নেতা-কর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন। কালাম শিকদার জানান, তিনি ঢাকায় চাকরি করেন। মাঝেমধ্যে বাড়ি আসেন। মঙ্গলবার দুপুরে তাঁর দলের একজন কর্মী ফোনে তাঁকে বলেন, ‘দুই-চার মিনিটের মধ্যে বাড়ি থেকে চলে যান। আপনার বাড়িতে হামলা হবে।’ এরপর তিনি বাড়ির অদূরে একটি ঘরে আশ্রয় নেন। কালাম শিকদারের স্ত্রী নুরুন্নাহার বলেন, ‘হামলাকারীদের দলে ৫০-৬০ জন লোক ছিল। তারা আমাদের ঘরে ঢুকে আমার স্বামীকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর করে, স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে যায়। এতে আমাদের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।’ পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান জানান, সবীন কবির বিএনপি থেকে বহিষ্কৃত। সবীন কবির বলেন, ‘কালাম শিকদার বিগত দিনে আমাকে মামলা দিয়ে নিঃস্ব করেছে। গেল নির্বাচনে আমি চুপচাপ ছিলাম। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাইনি। কালাম শিকদারের বাড়িতে হামলার ঘটনায় আমার কোনো ইন্ধন নেই।’ জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘ঘটনা শোনার পরপরই পিরোজপুরের সহকারী পুলিশ সুপার এম এন মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডুসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ তিনি আরও বলেন, কালাম শিকদারের বাড়িতে কয়েকজন লোক গিয়ে ভাঙচুর করেছে, কিন্তু লুটপাটের ঘটনা ঘটেনি।ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন সেপাই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঈদের দিন বালিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রহিমের ওপর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কালাম শিকদারের নেতৃত্বে জামায়াত-বিএনপির কর্মীরা হামলা চালায়। এ কারণে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে কালাম শিকদারের বাড়িতে হামলা করেছে। তবে কালাম শিকদার দাবি করেন, রহিমের ওপর হামলার ঘটিনাটি যুবলীগ ও আওয়ামী লীগের সাজানো।