পিরোজপুরে বিক্ষোভ, মানববন্ধন
পিরোজপুরে স্কুলছাত্রীর গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে ঝলসে দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম ফাতিমা আক্তার। সে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে।
ফাতিমাকে ঝলসে দেওয়ার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা মহিলা পরিষদ ও ব্র্যাক পিরোজপুরের উদ্যোগে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দ মজিবর রহমান, প্যানেল মেয়র মিনারা মাহাবুব, শহিদুল্লাহ খান, আলাউদ্দিন খান, মনিকা মণ্ডল, আ. ছালাম বাতেন প্রমুখ।
বেলা সাড়ে তিনটার দিকে ফাতিমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। গতকাল দুপুরে ফাতিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের উদ্যোগে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ২৬ আগস্ট মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শংকর কুমার ঘোষ জানান, ফাতিমার গায়ে করোসিভ কেমিক্যাল (চামড়ায় ক্ষত সৃষ্টি করে এমন রাসায়নিক দ্রব্য) নিক্ষেপ করা হয়েছে।
ফাতিমার বাবা আশ্রাব আলী জানান, তাঁর মেয়ে এক সহপাঠীকে নিয়ে স্কুল থেকে ঝাটকাঠি এলাকার বাড়িতে ফিরছিল। বিকেল চারটার দিকে শহরের উত্তর শিকারপুর এলাকায় আবদুস সালামের বাড়ির কাছে পৌঁছালে তিন বখাটে মোটরসাইকেলে এসে পেছন থেকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তাঁর মেয়ের পিঠের কিছু অংশ ঝলসে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, এ ঘটনায় ফাতিমার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই সুমন হাওলাদার, অহিদ সিকদার ও রানা শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।