পিরোজপুরে বিচারককে প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ করেছেন। তাঁরা গতকাল বুধবার আদালত চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে আদালতের প্রধান ফটকে সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কানাইলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক সৈয়দ মজিবর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন প্রমুখ। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পিপি মতিউর রহমান জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদের আদালত বর্জনের বিষয়টি জেলা জজের পরামর্শে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য গতকাল বুধবার সমিতির সাধারণ সভা ডাকা হয়। দুপুর একটায় ওই সভা হওয়ার কথা ছিল। সভায় জেলা জজ নূর মোহাম্মদ মোড়ল এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদসহ জেলা জজ আদালতের সব বিচারকের উপস্থিত থাকার কথা ছিল। জেলা আইনজীবী সমিতির সভাপতি কানাইলাল বিশ্বাস বলেন, ‘সকাল ১০টার দিকে আমরা বিচারক মো. হারুন-অর-রশিদের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুপুরের মতবিনিময় সভায় যোগ দেবেন না বলে জানান। আমি ফিরে আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে সভাস্থলে উপস্থিত সদস্যদের কাছে বিষয়টি জানাই। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।’ তিনি বলেন, ‘আমরা আইনজীবী নেতারা বিষয়টি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা জজকে জানিয়েছি এবং ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন-অর-রশিদকে পিরোজপুর থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছি। অন্যথায় আমরা (আজ) বৃহস্পতিবার থেকে জেলা জজ আদালতের সব বিচারকের আদালত বর্জন করব।’ এ বিষয়ে সাংবাদিকেরা জেলা জজ নূর মোহাম্মদ মোড়লের মন্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।