পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
মাদক কেনাবেচার দায়ে পিরোজপুরে স্বপন দত্ত (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এই সাজা দেন।
স্বপন দত্ত ওরফে সাফা দত্ত পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামের প্রয়াত কার্তিক দত্তের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ নভেম্বর রাতে নেছারাবাদ উপজেলার লক্ষ্মণকাঠি গ্রাম থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ স্বপন দত্তকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৮)। এ ঘটনায় র্যা ব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) বোরহান উদ্দিন বাদী স্বপন দত্তকে আসামি করে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ২০১৩ সালে নেছারাবাদ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুস সোবাহান মামলাটি তদন্ত তদন্ত করেন। দীর্ঘ তদন্ত শেষে স্বপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় নয়জন আদালতে সাক্ষ্য দেন।
আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া গতকাল সোমবার স্বপনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, আসামির বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সাজা দিয়েছেন।