পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামাল শেখ (৩৮)। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকলী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় কামাল আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দল পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে কামাল শেখকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) ইসলাম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কামাল জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফাতেমা বেগম।
ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, আসামি পলাতক থাকায় তাঁর আপিলের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।