পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
পিরোজপুরে ইয়াবা বড়ি বেচাকেনার দায়ে রনি সাহা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রনি সাহা পিরোজপুর পৌরসভার রাজারহাট মহল্লার মৃত গৌরাঙ্গ লাল সাহার ছেলে। রায় ঘোষণার সময় রনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহরের জনতা সেতু এলাকায় ইয়াবা বড়ি বেচাকেনার সময় রনি সাহাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় রনি সাহার কাছ থেকে ১১৯টি ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) ঈসমাইল হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ১ মে রনি সাহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।