পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল মান্নান খান ওরফে মন্নাফ খাঁর (৭৭) বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালতে মামলা হয়েছে।


আজ বুধবার দুপুরে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ এপ্রিল রামচন্দ্রপুর গ্রামের দোলোয়ার ফরাজী (৬৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে আবদুল মান্নান খানের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দুদের ধর্মান্তরিত ও ধর্ষণের অভিযোগ আনা হয়। বিচারক মামলাটি শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবদুল মান্নান খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জেলার কাউখালী উপজেলার শংকরপুর গ্রামের নশাই মিস্ত্রির ছেলে রমেশ মিস্ত্রিকে রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে হত্যাসহ ইন্দুরকানি উপজেলার মসিদ মালো, তাঁর মেয়ে সুপ্রিয়া মালো, রনিকা মালো, একই উপজেলার গাবগাছিয়া গ্রামের ওয়াজেদ মীর ও চারাখালী গ্রামের গণেশ হালদারকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিতাই হালদার, কালিপদ, গৌরাঙ্গ মিস্ত্রি, সুশীল ঠাকুর, নিরঞ্জন বাওয়ালি, চিত্ত হালদার, নিরঞ্জন হালদারের বাড়িসহ কবিরাজবাড়ি, বড়বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। হুমায়ুন রহমানের লেখা ‘পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের ৩৩৭ নম্বর পৃষ্ঠায় ২২ নম্বর ক্রমিকে রাজাকার হিসেবে আবদুল মান্নান খানের নাম রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় মান্নান খানের বিরুদ্ধে ১৯টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে হত্যা, ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে। ২২ জনকে মামলায় সাক্ষী করা হয়েছে।

মামলার বাদী দেলোয়ার ফরাজী বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এ কারণে আমি একজন কুখ্যাত রাজাকারের বিচারের পথ সুগম করতে মামলাটি করেছি।’ দেলোয়ার ফরাজী নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে অংশ নিলেও গেজেটভুক্ত হতে পারিনি।’

ব্যবসায়ী আবদুল মান্নান খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দেলোয়ার ফরাজীর সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তিনি আমাকে হয়রানি করার জন্য মামলাটি করেছেন।’

ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন বলেন, আবদুল মান্নান খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে লুটের অভিযোগ রয়েছে।

সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জাকির হোসেন বলেন, শুনানি শেষে বিচারক মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।