পিরোজপুরে মিছিলে গুলিতে যুবদল নেতা নিহত, আহত ৬
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গুলিতে যুবদলের এক নেতা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পত্তাশী ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদারের বাড়ি থেকে ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য তোবারক আলী অভিযোগ অস্বীকার করেছেন।
নিহত ব্যক্তির নাম শুক্কুর আলী (২০)। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমানসহ নাহিদ, শফিকুল, অহিদুল, হাসান ও লুৎফর। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের ভাষ্যমতে, বিএনপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভবানীহাট থেকে রাস্তা অবরোধ করতে করতে ঘোষেরহাট এলাকায় পৌঁছান। একই সময়ে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াত-শিবিরের একটি মিছিল ইন্দুরকানী থেকে ঘোষেরহাট এলাকায় পৌঁছায়। এ সময় পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদারের ঘোষেরহাট এলাকার বাড়ির দোতালা থেকে মিছিলে গুলি ছোড়া হয়। এতে পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শুক্কুর আলী আহত হন। তাঁকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। এ সময় গুলিতে আরও ছয়জন আহত হন। শুক্কুর আলীর বাড়ি উপজেলার কালাইয়া এলাকায়।
তোবারক আলী হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার লাইসেন্স করা বন্দুক আছে ঠিক। কিন্তু এই বন্দুক থেকে আমি কারও ওপর গুলি চালাইনি।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার রাতে বিজিবির সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমরা পুলিশ নিয়ে বিভিন্ন সড়কে অবরোধকারীদের ফেলে রাখা গাছ অপসারণ করছিলাম। শুক্রবার (গতকাল) সকালে যুবদলের ওই নেতা গুলিতে নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’