পিরোজপুরে মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভা হয়।

সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে প্রতি ঘরে প্রতি মাসে একটি করে মুক্তিযুদ্ধের বই পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের খুলনা কার্যালয়ের উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) এস এম রইজ উদ্দিন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরি খুলনার সাধারণ সম্পাদক এ এইচ এম জামাল উদ্দিন, পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস প্রমুখ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরি খুলনার সাধারণ সম্পাদক এ এইচ এম জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় জানানো হয়, পরে মুক্তিযুদ্ধের বইয়ের পাঠকদের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে এক লাখ টাকা এবং দ্বিতীয় থেকে ২১তম স্থান অধিকারী প্রত্যেককে পাঁচ হাজার টাকা পুরস্কার ও সনদ দেওয়া হবে।