পিরোজপুরে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদ পাঁচ পুলিশ সদস্যের স্মরণে পিরোজপুরে ‘শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। জেলার পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভটি গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। পরে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুলিশের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে স্থপতি মীর আল আমীন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। এতে কালো ও সাদা রঙের দুটি স্তম্ভ রয়েছে। সাদা স্তম্ভে জাতীয় পতাকা অঙ্কিত। আর কালো স্তম্ভে রয়েছে পিরোজপুরের সাবেক মহকুমা পুলিশপ্রধান শহীদ ফয়জুর রহমান আহমেদের প্রতিকৃতি। এ ছাড়া শহীদ পুলিশ কনস্টেবল আব্দুল হালিম খন্দকার, আবুল হাশেম গাজী, আব্দুর রহমান শেখ ও আবুল হাশেম আকন্দের নাম খচিত রয়েছে স্মৃতিস্তম্ভে। তাঁরা চারজন পিরোজপুরের বাসিন্দা ছিলেন।
ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ফয়জুর রহমান আহমেদের দুই ছেলে শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব, তিন মেয়ে অধ্যাপিকা সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদ ও পুত্রবধূ অধ্যাপিকা ইয়াসমীন হক, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মারুফ হাসান, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস প্রমুখ।