পিরোজপুরে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভের উদ্বোধন

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশের পাঁচ সদস্যের স্মরণে পিরোজপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে নির্মিত এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়।
ফলক উন্মোচন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। পরে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুলিশের যে পাঁচ শহীদ সদস্যের স্মরণে এই স্মৃতিস্তম্ভ, তাঁরা হলেন পিরোজপুরের সাবেক মহকুমা পুলিশপ্রধান ফয়জুর রহমান আহমেদ, জেলার বাসিন্দা কনস্টেবল আব্দুল হালিম খন্দকার, আবুল হাশেম আকন্দ, আবুল হাশেম গাজী ও আব্দুর রহমান শেখ। পুলিশ সুপারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
স্মৃতিস্তম্ভটির নকশা করেছেন স্থপতি মীর আল আমীন। পুলিশের অর্থায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের তত্ত্বাবধানও করেন তিনি।
স্থপতি মীর আল আমীন জানান, স্মৃতিস্তম্ভে দুটি স্তম্ভ আছে। কালো রঙের স্তম্ভটি শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোকের প্রতীক। শহীদেরা যে একটি সম্ভাবনাময় দেশ দিয়ে গেলেন, তার প্রতীক সাদা রঙের স্তম্ভটি। সাদা রঙের স্তম্ভের মধ্যে জাতীয় পতাকার প্রতিকৃতি রয়েছে। কালো রঙের স্তম্ভে আছে শহীদ পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদের প্রতিকৃতি। এ ছাড়া স্মৃতিস্তম্ভে পাঁচ শহীদ পুলিশ সদস্যের নাম খচিত রয়েছে।
স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন অনুষ্ঠানে শহীদ ফয়জুর রহমান আহমেদের ছেলে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, তাঁর বাবার নামে পিরোজপুরে সড়ক আছে। এখন তাঁর বাবাসহ শহীদ পাঁচ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ হয়েছে। এ জন্য তাঁদের পরিবার পিরোজপুরবাসীর কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে ফয়জুর রহমান আহমেদের অপর ছেলে কার্টুনিস্ট আহসান হাবীবসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসান, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস প্রমুখ।