পিরোজপুরে সংযোগ সেতু ভেঙে নদীতে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া স্টিমার ঘাটের তীর থেকে পন্টুনে যাতায়াতের বেইলি সেতুটি গত শনিবার দুপুরে ঝড়ে বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে গেছে।
এতে পন্টুনটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্টিমারের যাত্রী ও মালামাল ওঠানো-নামানোর জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রলারে করে মাঝনদীতে গিয়ে স্টিমারে উঠতে হচ্ছে।
ঘাটের তত্ত্বাবধায়ক (টিএস) মো. ফজলুল হক জানান, শনিবার বেলা দুইটার দিকে হঠাৎ ঝড়ে বেইলি সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। প্রতিদিন এই ঘাট হয়ে গড়ে দুই শতাধিক যাত্রী ঢাকা, চাঁদপুর, বরিশালসহ আটটি পথে যাতায়াত করেন।
পন্টুনটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্টিমারের যাত্রীদের ওঠা-নামার জন্য গত রোববার থেকে ট্রলারের ব্যবস্থা করা হয়।
স্থানীয় কয়েকজন ঘাটশ্রমিক অভিযোগ করেন, বেইলি সেতুর গার্ডার নির্মাণের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে নির্মাণকাজ শেষ হওয়ার এক বছরের মধ্যে গার্ডারগুলো ফেটে যায়। জরাজীর্ণ গার্ডার ঝড়ে ভেঙে সেতুটি বিধ্বস্ত হয়েছে।
জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ‘সিডর প্রকল্পের’ আওতায় বড়মাছুয়া স্টিমার ঘাটে নতুন পন্টুন স্থাপন করে। ২০১০ সালে এর নির্মাণকাজ শেষ হয়।
বিআইডব্লিউটিসি বরিশালের ব্যবস্থাপক (মেরিন) আবদুল মালেক জানান, রোববার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রধান দপ্তরে পাঠানো হবে। যাত্রীদের সুবিধার্থে জরুরি ভিত্তিতে ঘাটের পাশে একটি অস্থায়ী পন্টুন স্থাপন করা হবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) নূরুল আফসার বলেন, প্রতিবেদন পাওয়ার পর ঘাটটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নদীভাঙনের কারণে সংযোগ সেতুর পিলারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আর ঝড়ে তা ভেঙে পড়েছে।
স্থানীয় সাংসদ মো. রুস্তম আলী ফরাজী গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছি। ঘাটটি নতুন করে নির্মাণের জন্য শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে আধা সরকারি পত্র (ডিও) পাঠাব।’