পিরোজপুরে সাংবাদিক অমর সাহাকে সম্মাননা
পিরোজপুরে গত মঙ্গলবার বিকেলে সাংবাদিক ও নাট্যকার অমর সাহাকে সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অমর সাহা পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ। বর্তমানে তিনি প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. শরাফত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পটভূমি স্মৃতিচারণা করে বক্তব্য দেন অমর সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সেখ সাইদুর রহমান, আইনজীবী এম এ মান্নান ও শহিদুল্লাহ খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ রব্বানী, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, সাবেক পৌর কমিশনার আবদুর রাজ্জাক, সাংবাদিক গৌতম চৌধুরী ও নাসিম আলী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক জিয়াউল আহসান গাজী, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।
সম্মাননা অনুষ্ঠান শেষে অমর সাহার লেখা টিপাইমুখ থেকে তিস্তা, দন্ডকারণ্য থেকে ছিটমহল এবং সিরাজের মুর্শিদাবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।