জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে গত শনিবার রাতে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
মোস্তফা হাওলাদারের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। মোস্তফার স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘আমাদের ঘরটি মাটির ভিটির ওপর টিনের ছাউনি ও টিন-কাঠের বেড়ার। শনিবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। রাত একটার দিকে একজন লোক আমাদের ঘরের পশ্চিম দিক থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে আমার স্বামীর মাথার বাম দিকে কোপ দেয়। টের পেয়ে আমি জেগে উঠলে আমার সঙ্গে হামলাকারীর ধস্তাধস্তি হয়। এ সময় হামলাকারী আমাকেও আঘাত করে।’
মোস্তফা হাওলাদারের ছেলে হাফিজুল দাবি করে বলে, ‘বিএনপি-জামায়াতের লোকজন বাবার ওপর হামলা করেছে। হামলাকারীকে আমার মা চিনতে পেরেছেন।’
জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুষ্কৃতকারীরা সিঁধ কেটে মোস্তফা হাওলাদারের ঘরে ঢুকলে মোস্তফার স্ত্রী হাসিনা বেগম টের পেয়ে কে কে বলতে থাকেন। এ সময় হামলাকারী তাঁর হাতে থাকা শাবল দিয়ে হাসিনা বেগমের ডান হাতে আঘাত করে। একই সময় মোস্তফা হাওলাদার জেগে উঠলে হামলাকারীরা শাবল দিয়ে তাঁর (মোস্তফার) মাথার বাম পাশে আঘাত করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সাঈদীর বিরুদ্ধে করা মামলার সাক্ষী মোস্তফা হাওলাদারের ওপর হামলার ঘটনায় বিএনপি বা জামায়াতের কেউ জড়িত নন।