পিরোজপুরে সাবেক পৌর চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু আলী আহমেদ চৌধুরীর খলিশাখালীর বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতেরা। ডাকাতিকালে সাবেক চেয়ারম্যানের ছেলে আইনুল চৌধুরী বাড়িতে ছিলেন। বাড়ি দেখভালের দায়িত্বে থাকা হায়দার জানান, তিনি বাড়ির ধানের গোলায় থাকেন। বুধবার রাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা চেয়ারম্যানের শোয়ার ঘরে হানা দেয় এবং আইনুল চৌধুরীকেও জিম্মি করে ফেলে। পরে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার হোসেন জানান, আবু আলী আহমেদ চৌধুরী সবার কাছে বিশ্বস্ত। এ কারণে তাঁর বাড়িতে এলাকার লোকজনের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত থাকত। ডাকাতি হওয়ায় ওইসব মালামালও খোয়া গেছে।সরোয়ার হোসেন দাবি করেন, খোয়া যাওয়া জিনিসপত্রের দাম প্রায় কোটি টাকা। ডাকাতির খবর পেয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া, পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।