পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী সোমবার ধর্ষণের শিকার হয়েছে। ফেরদৌস (১৯) নামের এক যুবক ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই ছাত্রীর চাচা মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় চলিশা গ্রামের মোতাহার আকনের ছেলে ফেরদৌসসহ তিনজনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী বিদ্যালয় থেকে নতুন বই আনার জন্য সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর ফেরদৌস নিজের ঘরে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে চিত্কার শুরু করলে প্রতিবেশীরা ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের চিকিত্সক সাকিল আহমেদ জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে এখানে চিকিত্সা দেওয়া সম্ভব নয়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আজিম হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফেরদৌসকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।