পিরোজপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে মিকাইল শেখ (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিকাইল শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মিকাইল শেখের সঙ্গে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের হায়াত আলী হাজরার মেয়ে রুনা লায়লার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পাঁচ বছর পর মিকাইল দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রী রুনা লায়লার কাছে অনুমতি চান। কিন্তু রুনা এতে রাজি হননি। ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সকালে মিকাইল আবারও বিয়ে করার অনুমতি চেয়ে তা না পেয়ে স্ত্রী রুনাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে তাঁর মুখে বিষ (কীটনাশক) ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, লাঠি দিয়ে পেটানোর কারণেই রুনার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রুনার বাবা হায়াত আলী বাদী হয়ে মিকাইলকে প্রধান আসামি করে তাঁর বাবা, মা ও মামাসহ পাঁচজনের বিরুদ্ধে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২২ সেপ্টেম্বর থানায় মামলা রুজু হয়। ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান মিকাইলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন। পরে মিকাইলকে জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।