পিরোজপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মনিরুজ্জামান মাঝি (৩৬) হত্যা মামলায় তাঁর স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নিহত মনিরুজ্জামান মাঝির স্ত্রী শিউলি বেগম (৩৬), উপজেলার দক্ষিণ কলারণ গ্রামের আসাদ মাঝি (৩৬), একই উপজেলার চর বলেশ্বর গ্রামের ফরিদ আহমেদ গাজী (৪৪) ও বেল্লাল মাঝি (৩৬)। রায় ঘোষণার সময় শিউলি বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে অন্য তিন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কলারণ গ্রামের মনিরুজ্জামান মাঝি ও তাঁর চাচাতো ভাই আসাদ মাঝি একসঙ্গে সুপারির ব্যবসা করতেন। মনিরুজ্জামানের স্ত্রী শিউলি বেগমের সঙ্গে আসাদ মাঝির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। মনিরুজ্জামান বিষয়টি জানতে পেরে স্ত্রীকে এ পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। পরকীয়ায় বাধা দেওয়ায় মনিরুজ্জামানকে হত্যার পরিকল্পনা করেন শিউলি ও তাঁর প্রেমিক আসাদ। ২০১০ সালের ২৫ মে রাতে শিউলি শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মনিরুজ্জামানকে খাওয়ান। শরবত খেয়ে গভীর রাতে মনিরুজ্জামান ঘুমে অচেতন হয়ে পড়লে আসাদ তাঁর ফুপাতো ভাই ফরিদ ও বেল্লালকে নিয়ে শিউলির সহযোগিতায় ঘরে ঢোকেন। এরপর তাঁরা চারজন মিলে মনিরুজ্জামানের গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন। এর পরের দিন নিহত ব্যক্তির ভাই মিজানুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নিহত ব্যক্তির স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি খান মোহাম্মদ আলাউদ্দিন। আসামি শিউলির পক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন ফাতেমা বেগম।