পিরোজপুরে ২৪২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ২৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৫৯টি।
প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজে সময় বেশি দিতে হচ্ছে। এতে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পিরোজপুরে ৯৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সদর উপজেলায় ২৯টি, মঠবাড়িয়ায় ৫৩, নাজিরপুরে ৪৪, নেছারাবাদে ৪৪, ভান্ডারিয়ায় ৩৪, জিয়ানগরে ২০ ও কাউখালীতে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এগুলোতে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, বিভিন্ন উপজেলায় সহকারী শিক্ষকের ২৫৯টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৩টি, মঠবাড়িয়ায় ২৪, নাজিরপুরে ৯০, নেছারাবাদে ২৪, ভান্ডারিয়ায় ৪৬, জিয়ানগরে ২৩ ও কাউখালীতে ১৯টি পদ ফাঁকা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার ৩২ নম্বর পান্তাডুবি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সালের জুন থেকে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাকরি থেকে অবসরে যাওয়ার পর সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। গত বছর বিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছেন। এরপর থেকে দুজন সহকারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান ও দাপ্তরিক কাজ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানের জন্য অন্তত তিনজন শিক্ষক প্রয়োজন। বিদ্যালয়ে দুজন শিক্ষক থাকায় আমি দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে একজন শিক্ষককে একসঙ্গে তিনটি শ্রেণিতে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ঠিকমতো হচ্ছে না।’
কাউখালীর জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক পদের বিপরীতে দুজন শিক্ষক রয়েছেন। ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০১৪ সালের আগস্ট থেকে একজন শিক্ষক নিখোঁজ রয়েছেন। বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে ঠিকমতো পাঠদান এবং দাপ্তরিক কাজ করার জন্য অন্তত চারজন শিক্ষক প্রয়োজন।’
একই উপজেলার রোঙ্গাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অদিতি হালদার বলে, তাদের বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র একজন। তিনি একসঙ্গে তিন শ্রেণিতে পাঠদান করেন। এতে শিক্ষার্থীরা পড়া ঠিকমতো বুঝে নিতে পারে না।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন, ‘প্রধান শিক্ষকদের মাসিক সভা, প্রতিবেদন তৈরি ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। সহকারী শিক্ষকেরা পাঠদান করেন। প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকেরা এই দায়িত্ব পালন করেন। ফলে তাঁদের একসঙ্গে পাঠদান ও দাপ্তরিক কাজ করতে হয়। আবার সভায় যোগদান করতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে শূন্যপদগুলোতে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার বলেন, উচ্চ আদালতে মামলার কারণে আইনি জটিলতায় প্রধান শিক্ষকের শূন্যপদে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি বন্ধ রয়েছে। এ কারণে প্রধান শিক্ষকের অনেকগুলো পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদের বিপরীতে শিক্ষকের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।