পিরোজপুরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এলাকায় গত মঙ্গলবার দিবাগত ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ওয়াহেদ। তিনি ডাকাতসর্দার বলে পুলিশ দাবি করেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি হত্যাসহ প্রায় ১৮টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, তিনটি তাজা গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করেছে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গত মঙ্গলবার গভীর রাতে তাঁরা জানতে পারেন, সদর উপজেলার চালনা-নামাজপুর ব্রিজ এলাকায় একদল ডাকাত অবস্থান করছে। খবর পেয়ে তাঁরা ওই এলাকায় গেলে ডাকাত দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে গোয়েন্দা পুলিশের সদস্য মো. রাসেল, মো. গোলাম মহিউদ্দিন ও মো. মনির আহত হন।
ওসি শাহ আলম বলেন, ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে। তারা একটি ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডাকাতসর্দার ওয়াহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। ওয়াহেদের বাড়ি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামে।
সদর থানার উপপরিদর্শক আসাদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে ওয়াহেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।