পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন অর রশিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার আদালত চত্বরে অবস্থান ধর্মঘট শেষে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সদস্যরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি কানাইলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন খান, জ্যেষ্ঠ আইজীবী চণ্ডীচরণ পাল প্রমুখ। আইনজীবী সরোয়ার হোসেনের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে আইনজীবী সমিতির সদস্যরা মো. হারুন অর রশিদের আদালত বর্জন করে আসছেন। গত বুধবার জেলা জজ নূর মো. মোড়লের পরামর্শে সমিতির সদস্যরা আদালত বর্জনের বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। ওই দিন সমিতির কার্যালয়ে সাধারণ সভা ডাকা হয়। কিন্তু হারুন অর রশিদ আইনজীবীদের সঙ্গে ওই সভায় উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন।