পিরোজপুরের এক এএসআইকে আদালতে তলব
পিরোজপুরের নাজিরপুর থানার পুলিশের সহকারী উপপরদির্শক (এএসআই) আবদুর রহমানকে ৮ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তাঁর বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে তাঁকে হাজির হতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আজ ডেইলি স্টার পত্রিকায় ‘গার্ল গোজ থ্রো হরিফিক অ্যাবিউজ’ (Girl goes thru' horrific abuse) শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অবন্তি নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
পরে অবন্তি নুরুল আদেশের বিষয়টি জানিয়ে বলেন, প্রতিবেদনে নাজিরপুরে কিশোর-কিশোরীকে ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন, কিশোরীকে যৌন হয়রানি ও ও বাল্য বিবাহে বাধ্য করার অভিযোগ উঠে এসেছে।
ক্ষমতার অপব্যবহার করে যৌন হয়রানি, বাল্য বিবাহে বাধ্য করা ও অন্যদের উত্সাহিত করার অভিযোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্দক, পিরোজপুরে পুলিশ সুপারসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম জানান, সংবাদ মাধ্যমে আসা ওই অভিযোগ বিষয়ে ব্যাখ্যা জানাতে ৮ এপ্রিল আবদুর রহমানকে হাজির হতে বলা হয়েছে।