পিলখানা থেকে বিডিআর সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানার বিডিআর সদর দপ্তরের একটি মেস থেকে গতকাল সোমবার বিকেলে লাল মিয়া (৪৪) নামের এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিডিআরের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিউমার্কেট থানা সূত্র জানায়, লাল মিয়া পিলখানার ২৭ রাইফেলস ব্যাটালিয়ন রেজিমেন্ট মেসে থাকতেন। গতকাল বিকেল পাঁচটার দিকে পুলিশ ২৭ রাইফেলস ব্যাটালিয়নের রেজিমেন্ট কোয়ার্টার মেসের পাশের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গতকাল বিকেলে লাল মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহে এলিট মাইনুল আমিনের উপস্থিতিতে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিউল হক। এতে বলা হয়, লাল মিয়ার মুখ থেকে রক্তাক্ত লালা বের হচ্ছিল। তাঁর বাঁ চোয়াল ভাঙা এবং ঊরুর পেছনে দাগ রয়েছে। রাতে যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার কর্তব্যরত এসআই তরিকুল ইসলাম জানান, লাল মিয়া অজ্ঞাত রোগে ভুগছিলেন। এ ব্যাপারে নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাল মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার প্রতাপপুরে। তাঁর বাবা মৃত শহর আলী।