পিলখানা বিদ্রোহের অভিযোগ গঠন ১৮ অক্টোবর
‘এ আদালত একটি ব্যতিক্রমী আদালত। যেখানে বিদ্রোহের সূত্রপাত, সেখানেই তার বিচার হচ্ছে। আবার অভিযুক্ত সবাই দাঁড়িয়ে না থেকে বসে আছেন। আদালতকক্ষটিও শীতাতপ নিয়ন্ত্রিত। সব দিক থেকেই এই আদালত ভিন্ন রকমের। কিন্তু আমি আশা করব, বিডিআরে যেন আর এ ধরনের আদালত বসানোর দরকার না হয়।’বিডিআর সদর দপ্তরে গতকাল শনিবার ১৩ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানদের আদালতে হাজির করার পর বিশেষ আদালত-৫-এর সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম এ মন্তব্য করেন। আদালত পিলখানা সদর দপ্তরের ১৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের অভিযোগ গঠনের জন্য ১৮ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।বিডিআর বিদ্রোহে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিচার শুরু হয়েছে। গতকাল আদালতে ৬২৩ জন আসামির সবাইকে হাজির করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় পিলখানা দরবার হলে বিশেষ আদালত-৫-এর বিচারকাজ শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় আদালত মুলতবি করা হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাঁকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ ও মঞ্জুর-ই আলম। আদালতের প্রধানকে বিচারকাজে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু। প্রসিকিউটর আদালতে বলেন, ‘মইন নামের একজন সিপাহি দরবার হলে ডিজির দিকে অস্ত্র তাক করে বিদ্রোহের সূচনা করে। ব্যাটালিয়নের অন্য সদস্যদের সহায়তা ও সমর্থনেই সে এ কাণ্ড ঘটিয়েছে।’এরপর আদালতের পক্ষ থেকে কারও কোনো বক্তব্য আছে কি না জানতে চাওয়া হয়। এ সময় একজন অভিযুক্ত তাঁর বাড়িওয়ালাকে সাক্ষী করতে পারবেন কি না জানতে চান। আরেকজন জানতে চান, পিলখানা বিদ্রোহের সময় তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসকদের সাক্ষী করতে পারবেন কি না। আদালতের পক্ষ থেকে বলা হয়, সব সাক্ষ্য হাজির করা যাবে। এরপর আদালত মুলতবি করা হয়।