পিলখানা মামলার অভিযোগপত্র ‘আষাঢ়ে গল্প’: বিএনপি
পিলখানা হত্যাযজ্ঞ মামলায় সিআইডির দাখিল করা অভিযোগপত্রকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো বলে অভিযোগ করেছে বিএনপি।রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি এই অভিযোগপত্রকে ‘আষাঢ়ে গল্প’ আখ্যায়িত করে বলেন, সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের নাম অভিযোগপত্রে আসেনি।খোন্দকার দেলোয়ার বলেন, ‘কবিগুরু বলেছেন, এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়। আর এই সরকারও বর্ষাকালকেই বেছে নিয়েছে বিডিআরের ঘটনায় অভিযোগপত্র দেওয়ার নামে আষাঢ়ে গল্প শোনাবার।’ তিনি বলেন, অভিযোগপত্রে প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে যেনতেন আকারে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলের ওপর চলমান ধরপাকড়ের অংশ হিসেবে রাজধানীতে বিএনপির উদীয়মান নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে এই অভিযোগপত্রে জড়ানো হয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতেই এমন ঘটনা ঘটিয়েছে সরকার। তিনি এর নিন্দা জানিয়ে অবিলম্বে এই অভিযোগপত্র থেকে পিন্টুর নাম প্রত্যাহার ও তাঁর মুক্তি দাবি করেন।খোন্দকার দেলোয়ার বলেন, ঘটনার পরপরই আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছিলেন, এই ন্যক্কারজনক কাজের সঙ্গে জঙ্গি-সম্পৃক্ততা আছে। অথচ অভিযোগপত্রে এদের নাম নেই। তা ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে প্রায় দুই হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ পর্যন্ত তদন্তের মাধ্যমে আসামি করা হয়েছে ৮২৪ জনকে। তাহলে এত গ্রেপ্তার কেন? তিনি বলেন, ঘটনার প্রায় তিন মাস পর পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এর কারণ হিসেবে সরকার বলেছে, তিনি বিদ্রোহীদের নৌকায় করে পালাতে সহায়তা করেছেন। অথচ অভিযোগপত্রে ওই ঘটনার পরিকল্পনাকারী হিসেবে পিন্টুর নাম এসেছে।পুঞ্জীভূত ক্ষোভ থেকে বিদ্রোহের ঘটনা ঘটেছে—মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দের এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। সামান্য দাবি-দাওয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে না। এর পেছনে আরও কারণ থাকতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী ও বিডিআর ধ্বংস হলে কারা লাভবান হবে তা খুঁজে বের করা দরকার ছিল। ওই শক্তিই এই ঘটনার সঙ্গে যুক্ত।’অভিযোগপত্রে আওয়ামী লীগের নেতা তোরাব আলীর নাম থাকা প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার বলেন, ‘এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতার নামও জড়িয়ে গিয়েছিল। কিন্তু তাঁরা বাদ পড়েছেন। এখন পিন্টুকে জড়ানোর জন্য সরকার ব্যালেন্স করতে তোরাব আলীর নামও অভিযোগপত্রে রেখেছে। তা না হলে বিষয়টি অত্যন্ত নগ্ন হয়ে পড়ত।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় করা মামলাটি সিআইডি ৫০০ দিন তদন্ত শেষে গত সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করে।