পিন্টুর আপিল হাইকোর্টে গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে পিন্টুকে দেওয়া পাঁচ লাখ টাকার অর্থদণ্ডাদেশ রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কারাগারে ডিভিশন চেয়ে বিএনপির নেতা পিন্টুর করা আবেদনের ওপর আগামীকাল বুধবার শুনানি হবে।

পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউর বাশার ভান্ডারী।

গত বছরের ৫ নভেম্বর বিডিআর হত্যা মামলার রায়ে পিন্টুর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আপিল করেন তিনি।

নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী সগীর হোসেন জানান, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থদণ্ডের আদেশ স্থগিত করা হয়েছে।