পিলখানা হত্যা মামলা: যুক্তির উপস্থাপনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি
পিলখানা হত্যা মামলায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে উভয় পক্ষকে আইনি যুক্তি উপস্থাপন শেষ করতে বলেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চে এ সময়সীমার কথা জানান।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এই মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়। পিলখানা হত্যা মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্সে ও আসামিদের আপিল-জেল আপিলের ওপর এই বেঞ্চে শুনানি চলছে। আজ ৩৫৬ তম দিনের (কার্যদিবস) শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। সঙ্গে আছেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান। আসামিপক্ষে শুনানিতে আছেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, আমিনুল ইসলাম ও শামীম সরদারসহ প্রমুখ।
মামলাটি শুনানির শেষ পর্যায়ে রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। তিনি প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আইনি যুক্তি উপস্থাপন করেছে। এখন আসামিপক্ষ আইনি যুক্তি উপস্থাপন করছে। আসামিপক্ষের পর রাষ্ট্রপক্ষ এর প্রতি উত্তর দেবে। যুক্তিতর্ক উপস্থাপন কালে গতকাল আদালত উভয় পক্ষকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আইনি যুক্তি উপস্থাপন শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন। আইনি পয়েন্টে যুক্তি চলছে, তাই পরে আর কাউকে অনুমতি দেওয়া হবে না বলেছেন আদালত।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের সদর দপ্তরে পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন আলীয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী এজলাসে। বিচার শেষে ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর রায় ঘোষণা করেন।
রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে।রায়ের পর বিভিন্ন সময়ে আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে। এর মধ্যে ৬৯ জনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গুরুত্বপূর্ণ এ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ উদ্যোগ নেন। বিশেষ ব্যবস্থায় এই মামলার পেপারবুক তৈরি করা হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দেন বলে আইনজীবী সূত্রে জানা গেছে।