পিলখানা হত্যা মামলার আদালত বদল
পিলখানা হত্যা মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত থেকে তৃতীয় মহানগর দায়রা জজ আখতারুজ্জামানের আদালতে স্থানান্তর করা হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বহুল আলোচিত এই মামলায় রায়ের দিন ধার্য রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মামলাটি স্থানান্তর করা হয়।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি এই হত্যা মামলার বিচারকাজ শুরু হয়। বিচারক হিসেবে নিয়োগ পান মহানগর দায়রা জজ জহুরুল হক। এই আদালতে ২০১১ সালের ১২ জুলাই হত্যা এবং অস্ত্র-বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা সিআইডি। এতে ৮২৪ জনকে আসামি করা হয়। পরে অধিকতর তদন্তে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করে বর্ধিত অভিযোগপত্র দাখিল করা হয়। জহুরুল হক ২০১১ সালের ১০ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন। এরপর দুই বছরের বেশি সময় ধরে তিনি মামলার বিচারকাজ পরিচালনা করেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে বিভিন্ন সময়ে বিচারকাজ পরিচালনা করেছেন আখতারুজ্জামান। ১৬ সেপ্টেম্বর মামলাটি তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
জানতে চাইলে মহানগর দায়রা জজ জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে দুটি আদালত চালানো সম্ভব হচ্ছিল না। পিলখানা হত্যা মামলাটি অনেক বড়। এতে বেশি সময় দিতে হয়। এ কারণে মামলাটি আমি স্থানান্তর করেছি।’
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘বিচারক যেই হোন না কেন, আমরা আশা করি ন্যায়বিচার পাব।’