পিলখানা হত্যা মামলার রায় আজ হচ্ছে না
পিলখানা হত্যা মামলার রায় আজ বুধবার হচ্ছে না। মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আদালতের প্রস্তুতি শেষ না হওয়ার কারণে রায় হচ্ছে না। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত আদালত থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, রায় লেখা শেষ না হওয়ায় কাল রায় হচ্ছে না।’
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, আদালত থেকে তাঁরা জানতে পেরেছেন, রায় প্রকাশ করা হচ্ছে না। আজ আদালত বসে নতুন সময় ঘোষণা হতে পারে।
তবে একাধিক সূত্র জানায়, রায়ের দিন ঠিক থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিপুলসংখ্যক আসামিকে আনা-নেওয়ার প্রস্তুতি নিয়ে সংশয় দেখা দেয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ৮৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুসহ ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষে মোট এক হাজার ৩৩৩ জনকে সাক্ষী করা হলেও তদন্ত কর্মকর্তাসহ ৬৫৪ জনের সাক্ষ্য ও জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এসব সাক্ষী ৭৮৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত মামলা ২৩২ কার্যদিবস অতিক্রম করেছে।