পিলখানা হত্যা মামলার রায় ৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৫ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার রায়ের ধার্য দিনে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এই দিন পুনর্নির্ধারণ করেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার পাশে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে ২০ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন বিচারক রায়ের জন্য ৩০ অক্টোবর (বুধবার) দিন ধার্য করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ইতিহাসে এত বড় মামলা আর হয়নি। তাই রায় লিখতে সময় লাগছে। মাত্র ১০ দিন আগে মামলার বিচারকাজ শেষ হয়েছে। তাই এ মামলার রায় প্রস্তুত করতে সময় লাগছে।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তত্কালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রথমে লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায়ও সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। ২০ জন আসামি পলাতক রয়েছেন।