পিলখানা হত্যাকাণ্ড দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে। কয়েকটি সংগঠন গতকাল শুক্রবার আলোচনা সভা ও শোক সমাবেশ করেছে।দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও ফাতেহা পাঠ, বেলা তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল সাড়ে তিনটায় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা।বিজিবির সদর দপ্তর দুপুর সাড়ে ১২টার দিকে মাল্টিপারপাস ট্রেনিং শেডে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বিজিবির মহাপরিচালক ও শহীদ সেনা কর্মকর্তাদের নিকটাত্মীয়রা মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও সন্ধ্যা ছয়টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শোক সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে।স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘সমাজে নৈতিকতা ও মানুষের নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলন গতকাল নয়াপল্টনে সংগঠনের কার্যালয়ে পিলখানা দিবস উপলক্ষে আলোচনা সভা করে। সভায় বক্তারা ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবি জানান।কোয়ালিশন অব লোকাল এনজিওস জাতীয় প্রেসক্লাবের সামনে শোক সমাবেশ করে। সমাবেশে বক্তারা পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য চাই।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এক বিবৃতিতে বলেছে, সরকার তিন বছরেও পিলখানা হতাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে, যা ক্ষমার অযোগ্য।