পিলখানা হত্যার পুনঃ তদন্ত দাবি ফখরুলের
পিলখানা হত্যাকাণ্ডের ‘সঠিক’ বিচার হয়নি দাবি করে নতুনভাবে এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এ দাবি জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার কারামুুক্তি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বিডিআর হত্যাকাণ্ড দেশের স্বাধীনতার ওপর পরিকল্পিত আঘাত। যারা বাংলাদেশকে হেয় করতে চায়, তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঠিক বিচার হয়নি। তড়িঘড়ি করে বিচার করা হয়েছে। যার ফলে ঘটনার নেপথ্য-নায়কেরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি এ ঘটনা পুনঃ তদন্ত করে আবার বিচারের দাবি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কেউ সশস্ত্র সন্ত্রাস করে থাকলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তা আওয়ামী লীগ করেছে। তিনি অভিযোগ করেন, সরকার প্রতিনিয়ত গুম, বিচারবহির্ভূত হত্যা চালিয়ে যাচ্ছে। বিরোধীদের স্বাভাবিক কাজও করতে দিচ্ছে না। তাঁর অভিযোগ, সরকার সন্ত্রাসীদের শুধু উসকানিই দিচ্ছে না, প্রশ্রয়ও দিচ্ছে।