পিলখানা হত্যার 'সঠিক' বিচার হয়নি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ‘সঠিক’ বিচার হয়নি। তড়িঘড়ি করে এ বিচার করা হয়েছে, যার ফলে ঘটনার নেপথ্য নায়কেরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ ঘটনা পুনর্তদন্ত করে আবার বিচারের দাবি জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এই দাবি জানান। দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারামুক্তি উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশকে দুর্বল ও নিরাপত্তাহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তারা পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শোকাবহ দিনে এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন করার কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এশিয়া কাপ উদ্বোধনের নামে আড়ম্বরপূর্ণ আলোকসজ্জা করে ২৫ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণসভার আয়োজন করলেও পুলিশ অনুমতি না দেওয়ায় তা হয়নি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। সভার অনুমতি না দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের সভা-সমাবেশের জন্য অনুমতির প্রয়োজনই পড়ে না। এর পরও আমরা ১৭ ফেব্রুয়ারি চিঠি দিয়ে পুলিশকে অবহিত করেছি। এত দিন দেব-দিচ্ছি বলে আজ (মঙ্গলবার) সকালে জানানো হয়, পুলিশ সভার অনুমতি দেয়নি।’