পিলখানাই এখন বিজিবি সদর দপ্তর

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটি স্থানের নাম পিলখানা। পিলখানা শব্দের অর্থ হাতির আস্তাবল। ইতিহাসবিদ মুনতাসীর মামুন রচিত ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থে ১৮৭০ সালের পিলখানায় হাতি পোষ মানানোর একটি ছবি পাওয়া গেল। পিলখানা থেকে হাতির পাল নিয়ে যাওয়ার আরেকটি ছবিও সেখানে রয়েছে। বইটিতে বলা হয়েছে, মোগল আমলেই পিলখানা প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদারেরা তাঁদের হাতি পোষ মানানোর জন্য পিলখানায় পাঠাতেন। আরেক ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ তাঁর ঢাকা ইতিহাস ও নগরজীবন (১৮৪০-১৯২১) গ্রন্থে বলেছেন, মোগল ও ব্রিটিশ আমলে ঢাকার প্রশাসনে ‘খেদা’ বলে একটা বিশেষ বিভাগ ছিল। এই খেদা বিভাগের কাজ ছিল পার্বত্য চট্টগ্রাম থেকে বন্য হাতি এনে পোষ মানানো ও প্রশিক্ষণ দেওয়া। হাতি ধরার প্রধান কৌশল ছিল পোষা হস্তিনী দ্বারা বন্য হাতিকে খেদিয়ে নিয়ে আসা। পুরুষ হাতিগুলোকে খেদিয়ে যে জায়গায় এনে রাখা হতো, সেটিই পিলখানা নামে পরিচিত হয়ে ওঠে। পিলখানার এই হাতিগুলোর সামরিক ভূমিকা ছিল অনন্য। উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াতের বাহন কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনে প্যারেড ও নানা ধরনের খেলাধুলায় এই হাতি কাজে লাগত। ঊনবিংশ শতাব্দীর শুরুতে হাতিগুলোকে রমনা অঞ্চলে চরানোর জন্য নেওয়া হতো। কিন্তু হাতি চলাচলের কারণে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি ও উপদ্রব হতো। জনগণের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮৬৪ সালে মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ ঢাকার উত্তরাঞ্চলের প্রান্তিক এলাকা দিয়ে রমনায় যাওয়ার জন্য একটি আলাদা রাস্তা তৈরি করে। নিউমার্কেট থেকে রমনা পর্যন্ত সেই এলিফ্যান্ট রোড আজও বিদ্যমান। মুনতাসীর মামুন তাঁর বইয়ে লিখেছেন, ১৯০৯ সালে ব্রিটিশ সরকার এই পিলখানায় মিলিটারি পুলিশের জন্য ব্যারাক নির্মাণের উদ্যোগ নেয়। তত দিনে হাতি ধরা এবং ব্যবহার কমে গিয়েছে। ফলে সিদ্ধান্ত হয় পিলখানার ২৭০ বিঘার মধ্যে ৫০ বিঘা জমি মিলিটারি পুলিশকে দেওয়া হবে। কিন্তু মিলিটারি ব্যারাক নির্মাণের কারণে একসময় হাতি আসা বন্ধ হয়ে গেলে পুরো এলাকাটিই তাদের হাতে চলে যায়। পাকিস্তান আমলে জায়গাটিতে ইস্ট পাকিস্তান রাইফেলসের (সীমান্তরক্ষী) সদর দপ্তর হয়ে ওঠে। বর্তমানে এটি বিজিবির সদর দপ্তর।
লেখা: শরিফুল হাসান, ছবি: জাহিদুল করিম