পিলখানায় হত্যা মামলার রায় কাল হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহ। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি ছবিটি তোলা—ছবি: প্রথম আলো
পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহ। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি ছবিটি তোলা—ছবি: প্রথম আলো

চার বছরেরও বেশি সময় পর আগামীকাল বুধবার বিডিআর বিদ্রোহের সময় পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায় হওয়ার কথা ছিল। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে জানা গেছে, কাল বহুল আলোচিত ওই মামলার রায় হচ্ছে না।

বিডিআর বিদ্রোহের সূচনা হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের সুসজ্জিত দরবার হল থেকে। সকাল আটটায় দরবার শুরু হওয়ার কথা থাকলেও, কেন যেন সেদিন দরবার বসেছিল সকাল নয়টা দুই মিনিটে। দরবার হলে উপস্থিত ছিলেন আড়াই হাজারেরও বেশি বিডিআর সদস্য। তত্কালীন বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্যের সময় দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করে। বিদ্রোহের শুরু। সকাল সাড়ে ১০টায় বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে। মিনিট পাঁচেকের মধ্যে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হন। সিঁড়িতে পা দিতেই ব্রাশফায়ার। মুহূর্তে ঢলে পড়েন ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তা।

২৫ ফেব্রুয়ারি সকালেই মহাপরিচালক খুন হয়েছিলেন। দুপুরে নবাবগঞ্জের কাছে বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠেছিল ঢাকার সেক্টর কমান্ডার সৈয়দ মুজিবুল হক এবং ৩৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েতের মৃতদেহ। বিকেলের দিকে ডিএডি তৌহিদসহ ১৪ জন যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে মহাপরিচালক অসুস্থ, বাকিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রেখেছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। বিদ্রোহের পর বাঁচার আকুতি জানিয়ে বেশ কয়েকজন সাংবাদিককে মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় বলেছিলেন তিনি, ‘ভাই, আমাদের বাঁচান, সৈনিকেরা আমাদের ঘিরে গুলি করছে। আমি বাঁচব, নাকি মরব বুঝতে পারছি না।’ সকাল নয়টা ৫৫ মিনিটে তিনি ‘প্রথম আলো’র একজন সাংবাদিকের মোবাইলে ফোন করে বলেন, দরবার হলে মহাপরিচালকের বক্তব্যের পর পরই গোলাগুলি শুরু হয়েছে। কথা শেষ করার আগেই ফোন কেটে যায়। দিনভর চেষ্টা করেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিডিআরে যে হত্যা ও ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে তার একটা আভাস ছিল। বিডিআর জওয়ানেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে বেশ কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। তাঁরা সদর দপ্তরের ভেতরেও প্রচারপত্র বিলি করেছিলেন। কিন্তু গোয়েন্দারা যথাসময়ে যথাযথভাবে কাজ করেননি বলে অভিযোগ আছে।

বিদ্রোহের সেই ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয় বিডিআর জওয়ানদের আত্মসমর্পণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানদের নিয়ে দুই দফা বৈঠক করেন। বৈঠক হয় পুলিশ প্রশাসন, ১৪ দল এবং মহাজোটের নেতাদের সঙ্গেও। তিনি রক্তপাত এড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দিকে বেশি গুরুত্ব দেন। বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রতি অবিলম্বে অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভাইয়ের বুকে গুলি করবেন না, আত্মঘাতী সংঘাত বন্ধ করুন।’

কয়েক দফায় দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিডিআর সদর দপ্তরের সব জওয়ান তাঁদের অস্ত্র পুলিশের হাতে তুলে দেন। এর পরপরই পুলিশ আলো নিভিয়ে সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জাতির ওই ক্রান্তি লগ্নে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সব রকম সহযোগিতার আশ্বাস দেন। সরকারে ভূমিকার প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেয় প্রতিবেশী দেশ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার।

২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয় বিদ্রোহের খবর। সত্যি বলতে কি বিদ্রোহের শুরুতে বিডিআর জওয়ানদের পক্ষে জনমত গড়ে উঠেছিল। বিডিআর জওয়ানেরা তাঁদের নানা দাবিদাওয়া-সংবলিত প্রচারপত্র বিলি করেছিল সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমগুলোর কাছে। কিন্তু একদিন পরই জনমত ঘুরে যায় দাবিদাওয়া আদায়ের নামে কিছু জওয়ানদের নির্মমতার ব্যাপ্তি দেখে।