
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলা, মানবিকতা ও শ্রদ্ধাবোধ সমুন্নত রাখা এবং জ্যেষ্ঠদের প্রতি সম্মান জানানো ও পারস্পরিক সহানুভূতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাঁর সরকার কখনোই একটি শৃঙ্খল বাহিনীর কাছ থেকে পিলখানা হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।
গতকাল শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ বাহিনীর বিশেষ দরবারে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
বিজিবি আন্তর্জাতিক¯মানের একটা শান্তিরক্ষা বাহিনীতে পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এ বাহিনী ও দেশের জন্য ক্ষতিকর হয়—এমন কাজ তাদের করা উচিত নয়।
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বল্পতম সময়ের মধ্যে এ বাহিনীর সংস্কারকাজ সম্পন্ন এবং দুষ্কৃতকারীদের বিচার নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এখন বিজিবি সদস্যদের আনুগত্য ও আত্মবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এ বাহিনী এখন মর্যাদা ও সুনামের সঙ্গে কাজ করছে।’
বিজিবি সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাঁদের দাবি ও সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।
বিজিবির সংস্কারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া নতুন সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠার পর বিজিবির জনশক্তির বিষয়ে অগ্রাধিকার দিয়ে ২০০৯ সাল থেকে অতিরিক্ত প্রায় ২০ হাজার জনশক্তি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী দেশের সীমান্ত¯রক্ষায় বিজিবিকে আরও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটকে ২৬টি ডাবল কেবিন পিকআপের অনুমোদন দেওয়ার পাশাপাশি বিজিবির জন্য যানবাহন দেওয়া, বিওপিতে মোটরসাইকেল দেওয়া, সীমান্ত সেন্ট্রি পোস্ট নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দেওয়ার কথা উল্লেখ করেন।
ভারতের সঙ্গে ৪৭৯ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্তের¯বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতিমধ্যে বিজিবির জন্য দুটি সেক্টর, পাঁচটি ব্যাটালিয়ন ও ৯২টি বিওপির অনুমোদন দিয়েছে।
ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
এর আগে প্রধানমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে পৌঁছার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ তাঁকে স্বাগত জানান। পরে তিনি বিজিবির ইউনিফর্মড ফোর্সের সদস্যদের প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। তিনি সালাম গ্রহণ করেন এবং খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন।
পরে প্যারেড গ্রাউন্ডে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস, ২০১৪’ পালন উপলক্ষেÿআয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজিবি খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে এবং যেকোনো সংকটে অথবা জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি গত বছর জনগণের জানমালের নিরাপত্তায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদের সাহসী ভূমিকার উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন বিজিবি সদস্যরা। নির্বাচনের আগে ও পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকানপাট ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে বিজিবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১০ জন বিজিবি সদস্যকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ২০১৪’, ২০ জনকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২০১৪’, ১০ জনকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড (সেবা) পদক, ২০১৪’ এবং ২০ জনকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (সেবা) পদক, ২০১৪’ প্রদান করেন প্রধানমন্ত্রী।