২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআরে বিদ্রোহের সময় পিলখানায় ছড়ানো লিফলেট পড়েননি বাংলাদেশ বিমানবাহিনীর তৎকালীন প্রধান শাহ মোহাম্মদ জিয়াউর রহমান। পিলখানা হত্যা মামলায় গতকাল বুধবার জবানবন্দির পর আসামিপক্ষের জেরায় তিনি এ কথা বলেন।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর বিশেষ আদালতে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) শাহ মোহাম্মদ জিয়াউর রহমান গতকাল সাক্ষ্য দেন। মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আকতারুজ্জামান গত ৪ জুলাই এ মামলায় সাক্ষ্য দিতে তাঁকে এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদকে তলব করেন। সোমবার সাক্ষ্য দেন নৌবাহিনীর প্রধান।জবানবন্দিতে শাহ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী তাঁকে ফোন করে বলেন, বিডিআরে কিছু সমস্যা হয়েছে। তিনি দ্রুত হেলিকপ্টার নিয়ে পিলখানার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন। সকাল সাড়ে ১০টার দিকে উইং কমান্ডার ফকরুদ্দিন ও উইং কমান্ডার নবী দুটি হেলিকপ্টার নিয়ে উড্ডয়ন করেন। পাইলটরা গাছের ফাঁকে অসংখ্য বিডিআর সদস্যকে দেখার খবর দেন। বেলা সাড়ে ১১টা-১২টার দিকে সরকার থেকে নির্দেশনা আসে, পিলখানায় বিডিআর সদস্যদের আত্মসমর্পণের উদ্দেশ্যে লিফলেট ছড়াতে। দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট মুস্তাসিম হেলিকপ্টারে লিফলেট ছড়াতে যান। বিডিআর সদস্যরা গুলি করলে হেলিকপ্টারের জ্বালানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। বেলা একটার দিকে স্কোয়াড্রন লিডার হারুন ও বেলা তিনটা ২০ মিনিটে ফ্লাইট লেফটেন্যান্ট রায়হান হেলিকপ্টার নিয়ে পিলখানার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।বিমানবাহিনীর সাবেক প্রধান বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর নিরাপত্তা উপদেষ্টাসহ তাঁরা যমুনায় বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী তাঁদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন, ২০-২৫ মিনিটের মধ্যে বিমানবাহিনী কাজ করতে প্রস্তুত আছে। মতিয়া চৌধুরী, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানকসহ আরও কয়েকজন নেতা বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে চাপ দিতে প্রধানমন্ত্রীকে বলেন। তিনি বলেন, বিকেল পৌনে চারটার দিকে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আযম বিডিআরের ডিএডি তৌহিদ, হাবিব, নাসির, রহিম, জলিল, সিপাহি সেলিম রেজা, মনির, মনিরুজ্জামান, রফিকসহ ১২-১৪ জনকে নিয়ে যমুনায় আসেন। বিডিআর জওয়ানরা খুব উত্তেজিত ও কর্কশ ভাষায় কথা বলছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাঁরা হত্যার বিষয়টি গোপন করেন।জবানবন্দি শেষে শাহ জিয়াউর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। হেলিকপ্টার থেকে ছড়ানো লিফলেটে কী লেখা ছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তা পড়েননি। বিডিআর জওয়ানরা কি আপনাদের সামনে আলোচনা করতে অস্বীকার করেছিলেন—জবাবে তিনি বলেন, এটি শুনেছেন। প্রধানমন্ত্রী তো জওয়ানদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন—এর জবাবে তিনি বলেন, তিনি শর্ত সাপেক্ষে ঘোষণার আশ্বাস দিয়েছিলেন।এরপর বিমানবাহিনীর সাবেক প্রধানকে জেরা করেন আইনজীবী শামীম সরদার। অভিযোগ আছে, বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে পিলখানায় গুলি ছোড়া হয়েছিল—আইনজীবীর এ কথায় তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালে পিলখানায় কেউ নিহত হয়েছিলেন কি না, তা তাঁরা জানতেন না।সবশেষে শাহ মোহাম্মদ জিয়াউর রহমানকে জেরা করেন আইনজীবী ফারুক আহমেদ। বিমানবাহিনীর গুলিতে রাজধানীর তিনটি স্থানে লোকজন আহত হয়েছে, রাস্তায় গুলি পাওয়া গেছে—আইনজীবীর এ কথায় তিনি বলেন, এটি ঠিক নয়।পরে মামলার কার্যক্রম ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়।