পিলখানায় দুটি আদালতে বিদ্রোহের বিচার শুরু
বিডিআর বিদ্রোহের বিচারের জন্য পিলখানায় গতকাল রোববার থেকে আলাদা দুটি আদালতের কার্যক্রম শুরু হয়েছে। দরবার হলের স্থাপিত পুরোনো আদালতের পাশাপাশি ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত হয়েছে নতুন আরেকটি আদালত। গতকাল দরবার হলের আদালতে রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্যদের ১১৩ আসামির মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। ১৩ রাইফেলের আদালতে রেকর্ড উইংয়ের মামলার আরও চারজন সাক্ষীর জেরা সম্পন্ন হয়।বিডিআর সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তি করতে ছয়টি আদালত ভেঙে ১০টি আদালত গঠন করা হয়। এসব আদালতের মধ্যে ঢাকায় স্থাপিত হয়েছে দুটি। বাকি আটটি আদালতে ঢাকার বাইরের বিদ্রোহের বিচার সম্পন্ন হবে। ঢাকার দুটি আদালতের মধ্যে একটি আদালতেই এত দিন বিচার হয়ে আসছিল। গতকালই প্রথম আরেকটি আদালতের কার্যক্রম শুরু হলো। এখন দুটি আদালতের কার্যক্রম একসঙ্গে চলবে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। রেকর্ড উইং: রেকর্ড উইংয়ের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা অব্যাহত ছিল গতকাল। সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকাল সোয়া ১০টায়। মাঝে একবার বিরতি দিয়ে বেলা একটার দিকে আদালত শেষ হয়। সাক্ষ্য দিয়েছেন আরও চারজন। এঁরা হলেন সেপাই আমিনুল ইসলাম, সেপাই হাসিবুল ইসলাম, সেপাই সহযোগী মনির হোসেন ও ফিরোজ হোসেন। এ নিয়ে মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ মামলায় আরও দুজন নতুন সাক্ষী যুক্ত হয়েছেন। এখন মোট সাক্ষীর সংখ্যা ৪৮ জন বলে আদালত থেকে বলা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আসামি সেপাই এনায়েত করিম মামলার সাক্ষী সেপাই হাসিবুলকে জেরার সময় আদালতের উদ্দেশে বলেন, ‘মাননীয় আদালত আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। একজন মুক্তিযোদ্ধার সন্তান কখনো বিদ্রোহ করতে পারে না। আমি নির্দোষ। সাক্ষী আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে।’আদালতের সভাপতি বলেন, আপনার পিতার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য আমরা গর্বিত। কিন্তু আপনার কৃতকর্মের জন্য লজ্জিত।সিকিউরিটি ইউনিট: দরবার হলে স্থাপিত আদালতে সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিচার কার্যক্রম চলছে। গতকাল থেকে ওই আদালতে ইউনিটের ১১৩ জন আসামির মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আজ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হবে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এই আদালতে সভাপতিত্ব করেন। আদালতের অন্য দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী এবং মেজর সাঈদ তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে ছিলেন মো. সোহরাওয়ার্দী। আদালত আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আদালতের কার্যক্রমের পর সংবাদ সম্মেলনে সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতিকুজ্জামান বলেন, রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) একজন সদস্যও যদি তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানাতেন, তাহলে পিলখানার ইতিহাস অন্যভাবে লেখা হতো। সেপাই মাঈন আরএসইউর এক সদস্যকে ধাক্কা দিয়ে দরবার হলে প্রবেশ করেন। এর পরও আরএসইউর সদস্যরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি। ৭০ জন গোয়েন্দা মাঠকর্মী পুরো পিলখানার দায়িত্বে ছিলেন। এঁদের মধ্যে ৫৭ জনই আসামি।