পিলখানায় নিহত কর্মকর্তার ফোনসেট নেত্রকোনায় সেনা সদস্যের বাড়ি থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত লে. কর্নেল মুকিম সরকারের ব্যবহূত মোবাইল ফোনসেটটি বারহাট্টা থানার পুলিশ উদ্ধার করেছে। গত মঙ্গলবার উপজেলার চাকুয়া গ্রামের এক সেনাসদস্যের বাড়ি থেকে পুলিশ ফোনসেটটি উদ্ধার করে। এ সময় সেনাসদস্য আবদুল ওয়াহাব খান এবং তাঁর বড় ভাই আরব আলীকে গ্রেপ্তার করা হয়। সাভার নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ওই সেনাসদস্য তিন দিন আগে ছুটি নিয়ে বাড়ি আসেন। গতকাল বুধবার আবদুল ওয়াহাবকে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তাঁর ভাই আরব আলীকে পিলখানা হত্যাকাণ্ড ও লুটতরাজের ঘটনায় জড়িত উল্লেখ করে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।ওয়াহাবের বরাত দিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র জানান, পিলখানা হত্যাযজ্ঞের পর কাজ করার সময় ওয়াহাব একটি বাথরুমে ওই সেটটি কুড়িয়ে পান। এরপর তিনি সেটি কর্তৃপক্ষকে জমা না দিয়ে পকেটে করে নিয়ে যান। মোবাইলটি তিন মাস বন্ধ রেখে এর সিমকার্ডটি ফেলে দেন। এটি তাঁর ভাই ব্যবহার করছিলেন। তাঁর ভাই আরব আলীর নামে নিবন্ধন করা একটি নম্বর এ সেটে ব্যবহার করা হচ্ছিল। আরব আলীর এই ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ সেটটি উদ্ধার করে।