পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় রেকর্ড উইংয়ের ১১১ সদস্যের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ফেব্রুয়ারি। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৯-এর সভাপতি কর্নেল হাবিবুল করিম গতকাল সোমবার এ তারিখ ঘোষণা করেন। এটি হবে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলাগুলোর মধ্যে প্রথম একটি মামলার রায়।এদিকে বাবা মারা যাওয়ায় ঢাকা সেক্টর সদর দপ্তরের সদস্যদের বিরুদ্ধে করা মামলার এক আসামিকে শর্ত সাপেক্ষে দুই দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন বিশেষ আদালত-১১। এই আদালত ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-৯-এর কার্যক্রম শুরু হয় সকাল সোয়া নয়টার দিকে। দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১-এর কার্যক্রমও শুরু হয় প্রায় একই সময়। এই আদালতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সেক্টর কমান্ডার ইফতেখার উদ্দিন মাহমুদ।বিশেষ আদালত-৯-এ রেকর্ড উইংয়ের ১১১ আসামির বিরুদ্ধে গতকাল চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান। তাঁর বক্তব্যের বিষয়ে আসামিরা লিখিত বক্তব্য আদালতে জমা দেন। পরে রায়ের তারিখ ঘোষণা করে আদালত মুলতবি করা হয়। এই মামলায় গত ১২ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছিল।এক আসামির সাময়িক মুক্তি: ঢাকা সেক্টর সদর দপ্তরের মামলার ৮৪ আসামির মধ্যে একজন সিপাই এমরান হোসেন গতকাল বিশেষ আদালত-১১-তে সাত দিনের জামিনের আবেদন জানান। তিনি জানান, চার দিন আগে তাঁর বাবা মারা গেছেন। আদালত ৬ জানুয়ারি সকাল আটটা থেকে ৭ জানুয়ারি বিকেল চারটা পর্যন্ত তাঁর প্যারোল (সাময়িক মুক্তি) মঞ্জুর করেন। এ সময় তিনি পুলিশ পাহারায় থাকবেন। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগরে। বিডিআরে বিদ্রোহের মামলায় এই প্রথম কারও প্যারোল মঞ্জুর করা হলো।গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে পাঁচ সাক্ষী ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। আসামিরা সাক্ষীদের জেরাও করেন। সাক্ষ্যে বিডিআর হাসপাতালের মেজর রুকসানা খানম বলেন, দরবার হলে বিদ্রোহ শুরু হলে তিনিসহ কর্মকর্তারা পর্দার আড়ালে আশ্রয় নেন। এ সময় হ্যান্ডমাইকে সিপাই সেলিম রেজা সবাইকে বের হতে বললে দুজন নারী কর্মকর্তা ও চার পুলিশ কর্মকর্তা বের হন। বিদ্রোহীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেন। তিনি আদালতকে জানান, সেলিম রেজা তাঁর সামনে মেজর কাওসারকে গুলি করে হত্যা করেন। সিপাই ওয়াহিদুলসহ আরও কয়েকজন জওয়ান কর্মকর্তাদের বাইরে বের করে মাটিতে ফেলে মারধর করেন। সেলিম রেজা তাঁদের অস্ত্রের মুখে দরবার হল থেকে বের করে সিপাই অহিদুজ্জামানের কাছে তুলে দেন। তিনি গাড়িতে করে তাঁদের বিডিআর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল লুৎফর ও কাজী রবি গাড়িতে ওঠার চেষ্টা করলে তাঁদের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।গতকাল অপর যে চারজন সাক্ষ্য দেন তাঁরা হলেন নায়েক মো. শাহাদত হোসেন, দপ্তরি মো. মহিমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল এস এম আবদুস সালাম, মেজর আবদুল্লাহ আল মামুন। মেজর মামুন সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন।দুপুর সোয়া একটায় আদালতের কার্যক্রম ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।