পিলখানায় বিডিআর সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে গতকাল বুধবার হিরন মিয়া (৫৬) নামে এক বিডিআর সদস্য মারা গেছেন। তিনি বিডিআর সদর দপ্তরের নায়েক ছিলেন। নিউমার্কেট থানা সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে পিলখানায় কর্তব্যরত বিডিআরের নায়েক হিরন মিয়া বাথরুমে পড়ে যান। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে পিলখানার বিডিআর হাসপাতালে ভর্তি করার পর বেলা একটার দিকে তিনি মারা যান। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আহমেদের উপস্থিতিতে নিউমার্কেট থানা পুলিশ হিরন মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। হিরন মিয়ার ভাতিজা আবদুল আজিজ গতকাল মর্গে সাংবাদিকদের জানান, ছয়-সাত বছর আগে তাঁর চাচার ওপেন হার্ট সার্জারি হয়। তখন থেকেই তিনি অসুস্থ। আগামী বছর জানুয়ারিতে তাঁর অবসরে যাওয়ার কথা। এর আগে গ্রামের বাড়িতে ছুটিতে গিয়ে তিনি আরেকবার মাথা ঘুরে পড়ে যান।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, মৃত বিডিআর সদস্যের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।