পিলখানায় সেনা হত্যার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাঁদের উসকানিদাতাদের অবশ্যই বিচার করা হবে। গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স প্রদত্ত চেক পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি পরিবারকে প্রতি মাসে ৪০ হাজার করে টাকা ১০ বছর পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ হিসাবে গত বছরের ৯ এপ্রিল প্রতিটি পরিবারকে তাদের এক বছরের জন্য চার লাখ ৮০ হাজার করে টাকার চেক দেওয়া হয়। প্রধানমন্ত্রী গতকাল ওই সব পরিবারের সদস্যদের হাতে দ্বিতীয় বছরের চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানের শুরুতেই নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চেক গ্রহণকালে শহীদ পরিবারের সদস্যরা ছিলেন অশ্রুসিক্ত। শেখ হাসিনা চেক হস্তান্তরকালে তাঁদের কুশল জিজ্ঞাসার সময় নিজেও অশ্রুসিক্ত হয়ে ওঠেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচারের মতো পিলখানা হত্যাকাণ্ডের বিচার অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি যত দিন বেঁচে থাকব, তত দিন নিহত সেনা পরিবারকে সহায়তা করে যাব।’প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামও বক্তব্য দেন।