পিলার ঘেঁষে বালু তোলায় নির্মাণাধীন সেতু হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় নির্মাণাধীন তিস্তা সড়কসেতুর একটি পিলারের পাশ ঘেঁষে শ্যালো ইঞ্জিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে সেতুটি হুমকির মুখে পড়েছে। সেতু নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারকে এর আগে এক বালু ব্যবসায়ী সেতুর সংযোগ সড়কের জন্য এভাবে বালু তুলে সরবরাহ করেছেন। আর বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানই বালু তুলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে তিস্তা রেলসেতুর পাশে ৮৭ কোটি টাকা ব্যয়ে এই সড়কসেতুর কাজ শুরু হয়। সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেট্রো গ্রুপের আমিন-ডেলিম কোম্পানির পক্ষ থেকে কাউনিয়া এলাকার বালু ব্যবসায়ী লুৎফর রহমানকে সেতুর সংযোগ সড়কের জন্য বালু সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। এলাকাবাসী জানান, লুৎফর নদী থেকে বালু তুলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহ করেছেন। এখনো বালু তোলা চলছে।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, সেতুর পিলারের পাশ ঘেঁষে একটি নৌকায় শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। পাইপের মাধ্যমে এই বালু গিয়ে পড়ছে সেতুর সংযোগ সড়কের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও মাসের পর মাস এভাবে বালু তোলা হয়েছে।নির্মাণাধীন সেতুর পাশ থেকে এভাবে বালু তোলায় ওই স্থানের তলদেশের মাটি সরে গিয়ে শূন্যতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে রংপুর সড়ক ও জনপথ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান। এ কারণে সেতুর পিলার হুমকির মুখে পড়তে পারে।লুৎফর রহমান বলেন, ‘নদী থেকে তুলে বালু দিয়েছি। এ ছাড়া ভালোমানের বালু আর কোথায় পাওয়া যাবে বলেন?’ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন-ডেলিম কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, এর আগে বালু সরবরাহ করেছেন এই এলাকার লুৎফর রহমান। বর্তমানে বালু নেওয়ার কাজ শেষ। সরবরাহ করা ওই বালু সেতুর পাশ থেকে তোলার বিষয়টিও তিনি স্বীকার করেন। বর্তমানে সেতুর পিলারের পাশ থেকে বালু তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংযোগ সড়কের জন্য আমরা বালু তুলছি। এতে সেতুর তেমন কোনো ক্ষতি হবে না।’কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানি না।’ তবে তিনি বালু উত্তোলনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।